গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগের পর আলোচনায় আসা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল, তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের ব্যক্তিগত ব্যাংক হিসাব কেন জব্দ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে ইভ্যালির লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোডকারী গোলাম মারুফ মজুমদারকে (নিঝুম মজুমদার) দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। ব্যত্যয় হলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। ইভ্যালি পরিচালনায় বোর্ডের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রাসেল ও তার স্ত্রী, তাদের সন্তান, ভাই-বোন, মা-বাবা, শ্বশুর-শাশুড়িকে চার সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে হবে। আদালতে ইভ্যালি পরিচালনা বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী মোরশেদ আহমেদ খান।
ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাসেল ও তার স্ত্রী, তাদের সন্তান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দের বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। নিঝুম মজুমদারকে শারীরিকভাবে হাইকোর্টে উপস্থিত হতে বলা হয়েছে। অন্যথায় তাকে গ্রেপ্তারের কথা বলেছে হাইকোর্ট।’
