এবার আপিল বিভাগে নিপুণ শুনানি আজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৬ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে নিপুণের পক্ষে তার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান এ আবেদন করেন।

চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান আবেদনটির ওপর আজ বুধবার শুনানির দিন ধার্য করেছেন বলে জানান চিত্রনায়িকা নিপুণের আইনজীবী। নিপুণের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত বলেছেন এটি আগামীকাল (আজ) শুনানির জন্য কার্যতালিকার শীর্ষে থাকবে। আবেদনের গ্রাউন্ডে (যুক্তি) আমরা বলেছি, জায়েদ খান নির্বাচনী আপিল বোর্ডের দ্বারা সংক্ষুব্ধ। কিন্তু শিল্পীদের এই সংগঠন ও নির্বাচনী আপিল বোর্ড এগুলো কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংগঠন  নয়। যদি আপিল বোর্ডের কোনো সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হয়েও থাকেন, তাহলে এর বিরুদ্ধে রিট পিটিশন চলে না।’

নির্বাচনী আপিল বোর্ডের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিতসহ রুল জারি করে। রুলে ২ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলসংক্রান্ত সমাজসেবা অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে ৫ ফেব্রুয়ারি নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া এ সিদ্ধান্ত কেন আইনগত  কর্র্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চায় আদালত।

শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি। ভোটগ্রহণের পর সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশন। ফলাফলে নিপুণের চেয়ে ১৩ ভোট বেশি পান জায়েদ। ভোটগ্রহণের দিন নিপুণ গণমাধ্যমে অভিযোগ করেন, জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনছেন। পরে ভোট পুনর্গণনার ফলাফল একই থাকে। এরপর সংবাদ সম্মেলন করে জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার ও  নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি। এরপর নির্বাচনী আপিল বোর্ডে জায়েদ খান ও সমিতির কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করলে করণীয় জানতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেন নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। পরে মন্ত্রণালয়ের এক  চিঠিতে আপিল বোর্ডকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। গত  শনিবার দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন সোহানুর রহমান সোহান। তবে ২৯ জানুয়ারির পর নির্বাচনী আপিল বোর্ডের কোনো কার্যকারিতা নেই জানিয়ে আলোচনায় অংশ নেননি জায়েদ খান। পরে ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ড। পরদিন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার শপথ নেন। এরপর উচ্চ আদালতের দারস্থ হন জায়েদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত