থামছে হাজার বছরের পানশালার কোলাহল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:১০ এএম

দুই-এক বছর বা দুই-এক যুগ নয়। নয় দুই-এক শতাব্দীও। ১ হাজার ২২৯ বছর ধরে চলেছে যুক্তরাজ্যের একটি পানশালা। ৭৯৩ খ্রিস্টাব্দের কোনো এক দিন গাঁথা হয়েছিল পানশালাটির প্রথম ইট। এরপর থেকে শীত, গ্রীষ্ম কিংবা বর্ষায় অবিরাম চলেছে সেন্ট অ্যালবান শহরের ‘ওল্ডি ফাইটিং কক’ নামের পানশালাটি। তবে ব্রিটেনের সবচেয়ে পুরনো ‘দোকান’ হিসেবে পরিচিতি পাওয়া এই পানশালাটির কোলাহল এবার থামতে যাচ্ছে। 

বিবিসি জানাচ্ছে, মহামারীর করাল গ্রাসে লাখো প্রাণের মতো মুছে যাওয়া অনেক ইতিহাস-ঐতিহ্যের মতোই হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক পানশালাটি। ভীষণ লড়াই করেও সেটি সচল রাখতে পারছিল না কর্র্তৃপক্ষ। গত শুক্রবার মালিক ক্রিস্টো টোফালি ‘ওল্ডি ফাইটিং কক’-এর ফেইসবুক পেজে এক বিবৃতিতে এই ঘোষণা দেন। 

টোফালি বলেন, ওল্ডি ফাইটিং কক আমার কাছে কেবল ব্যবসা ছিল না। ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটির একটি অংশ হতে পারাই আমার জন্য ছিল সবচেয়ে বড় সম্মানের বিষয়। তাই এটি চালু রাখতে আমরা সবসময় চেষ্টা করেছি। তবে করোনাকালে আমাদের যে লড়াই করতে হয়েছে তা আর চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। মহামারীর আগে থেকেই ব্যবসার মন্দাবস্থা দেখা দেয়। তবে করোনা সব পরিস্থিতি এলোমেলো করে দিয়েছে। আমাদের আসলেই আর করার কিছু ছিল না। পানশালাটির এই মালিক বলেন, গেল দুই বছর কেবল আমাদের জন্যই নয়, পুরো সেবাখাতের অবস্থায়ই একই রকম। আমাদের মতো অনেকেরই হৃদয় ভেঙেছে। 

তবে তিনি আশা প্রকাশ করেন অন্য কোনো মালিকের হাতে, অন্য কোনো জায়গায় আবার চালু হবে ওল্ডি ফাইটিং কক। আবার খদ্দেরের ভিড়ে সরগরম হবে হাজার বছরের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক ‘দোকানটি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত