বাংলাদেশকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির দেওয়া উপহারের টিকা সাড়ে চার কোটি ডোজ ছাড়াবে। গতকাল মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, আমেরিকান জনগণের পক্ষ থেকে দেওয়া ফাইজার টিকার সর্বশেষ এই অনুদানের ফলে বাংলাদেশকে এ যাবৎকালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া টিকা উপহারের সংখ্যা সাড়ে চার কোটি ডোজ ছাড়াল। এরই মধ্যে কয়েক লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার পথে রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ এই অনুদান বাংলাদেশকে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় টিকাদান কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখতে এবং ঝুঁকিপূর্ণ নাগরিকদের বুস্টার ডোজ প্রদানে সহায়তা করবে। বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্র সরকারের কভিড-১৯ সহায়তা ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকা ছাড়িয়েছে।
