অস্কারে প্রথমবার ভুটান, বিয়ন্সেও

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৫ পিএম

প্রথমবারের মতো অস্কারে জায়গা করে নিল ভুটানের সিনেমা ‘লুনানা : আ ইয়াক ইন দ্য ক্লাসরুম’। সিনেমাটি অস্কারের ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ শাখায় মনোনয়ন পেয়েছে। এখন পুরস্কারের জন্য লড়বে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার পর শুরু হয় অস্কারের মনোনয়ন ঘোষণা। ভুটানের কাছ থেকে টানা ২০ বছর সিনেমা আহ্বান করেও পায়নি অস্কার কর্তৃপক্ষ। তবে ২০২০ সালে ভুটান দ্বিতীয়বারের মতো অস্কারে জমা দেয় এই ছবিটি। কিন্তু শর্তপূরণ না করায় সে বছর সিনেমাটিকে ‘অযোগ্য’ ঘোষণা করে অস্কার কর্তৃপক্ষ। সেই সিনেমাই আবার নিয়ম মেনে ২০২১ সালে অস্কারে জমা দেওয়া হয়। অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করা ভুটানের সিনেমাটি এবার গড়ল ইতিহাস। ছবিটির পরিচালক তরুণ নির্মাতা পয়ো চোয়িং দরজি। ভুটানের রাজধানী থিম্পুর তরুণ ইউগুয়েনের ইচ্ছা গান করা। পরিকল্পনা করেন অস্ট্রেলিয়া গিয়ে স্বপ্ন পূরণের। কিন্তু ভাগ্যক্রমে তাকে যেতে হয় ভুটানের প্রত্যন্ত অঞ্চল লুনানায়। একটি বিদ্যালয়ে পড়ানোর দায়িত্ব পড়ে তার কাঁধে। নাগরিক সুযোগ-সুবিধার বাইরে কঠিন এক সংগ্রামের মুখোমুখি হতে হয় তাকে। এর মধ্যে বিরতিহীনভাবে তীব্র বরফ পড়া শুরু হয়। মন না চাইলেও তার ফিরতে হয় শহরে। ছবির শেষে ভেসে আসে এটিই বিশ্বের সবচেয়ে দূরবর্তী স্কুল।

এ বছর ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে আরও মনোনয়ন পেয়েছে জাপানের ‘ড্রাইভ মাই কার’, ডেনমার্কের ‘ফ্লি’, ইতালির ‘দ্য হ্যান্ড অব গড’, নরওয়ের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’।

এবার অস্কার মনোনয়নেও বর্ণবৈষম্যের ছায়াও কেটেছে। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে। এ ছাড়া ‘ডুন’, ‘বেলফাস্ট’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’ ছবিগুলো রয়েছে আলোচনায়। সেরা সিনেমার মনোনয়ন পেয়েছে বেলফাস্ট, কোডা, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডুন, কিং রিচার্ড, লিকোরিজ পিৎজা, নাইটমেয়ার অ্যালি, দ্য পাওয়ার অব দ্য ডগ, ওয়েস্ট সাইড স্টোরি ছবিগুলো। সেরা পরিচালকের প্রতিযোগিতায় রয়েছেন বেলফাস্ট ছবির কেনিথ ব্র্যানা, লিকোরিজ পিৎজার পল থমাস অ্যান্ডারসন, দ্য পাওয়ার অব দ্য ডগের জেন ক্যাম্পিয়ন, ড্রাইভ মাই কারের রিওসুকি হামাগুচি, ওয়েস্ট সাইড স্টোরির স্টিভেন স্পিলবার্গ। সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন দ্য আইজ অব টেমি ফায়ে ছবির জেসিকা চ্যাস্টেইন, দ্য লস্ট ডটার ছবির জন্য অলিভিয়া কোলম্যান, প্যারালাল মাদারস ছবির জন্য পেনেলপি ক্রুজ, বিইং দ্য রিকার্ডোসের নিকোল কোডম্যান, স্পেন্সারের জন্য ক্রিস্টেন স্টুয়ার্ট। আর অভিনেতা হিসেবে বিইং দ্য রিকার্ডোস ছবির জন্য জেভিয়ার বারডেম, দ্য পাওয়ার অব দ্য ডগ ছবির জন্য বেনেডিক্ট কাম্বারব্যাচ, টিক, টিক... বুম!-এর জন্য অ্যান্ড্রু গারফিল্ড, কিং রিচার্ড-এ উইল স্মিথ এবং দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ ছবির জন্য ড্যানজেল ওয়াশিংটন। কিং রিচার্ড ছবিতে মৌলিক গান ‘বি আলাইভ’-এর জন্য প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সর্বোচ্চবার গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া নারী শিল্পী তিনি। ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে অস্কারের আসর। সেদিনই জানা যাবে মনোনয়ন পাওয়া কে হাসছেন শেষ হাসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত