মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীতে সৈনিক পদে প্রশিক্ষণের জন্য নিয়োগপত্র পাওয়া তরুণের লাশ উদ্ধার করা হয়েছে বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে। গাছের ডালে ঝুলন্ত লাশের পা লাগানো ছিল মাটিতে।
জাহিদ হোসেন (২১) নামে ওই তরুণের লাশ গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া নামক এলাকায় নাবিস্কো কোম্পানির একটি বাগান থেকে উদ্ধার করে পুলিশ। জাহিদ উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের আবুল কালামের ছেলে। তার সন্ধান দাবিতে গত রবিবার মানববন্ধন করে এলাকাবাসী ও পরিবার। এ ব্যাপারে গত ৭ ফেব্রুয়ারি দেশ রূপান্তরে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
জানা যায়, প্রতিদিনের মতো গত ৩১ জানুয়ারি সকাল ৬টার দিকে শরীরচর্চার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন জাহিদ। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে লাশ বাগানের গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। গতকাল দুপুরে মৃতদেহ উদ্ধার করলেও তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, দুপুরে স্কুলের বারান্দায় শিশুরা খেলা করতে গিয়ে দুর্গন্ধ পায়। এরপর বিষয়টি ওই এলাকায় জানাজানি হলে গ্রামবাসী সেখানে গিয়ে দেখতে পায় কম্বল মোড়ানো এক ব্যক্তির অর্ধগলিত লাশ। পরে পুলিশে খবর দেয় তারা। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনা সেটি ময়নাতদন্তে বের হয়ে আসবে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি একই এলাকার তেঁতুলতলা এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে উদ্ধার করা হয় এক মানসিক প্রতিবন্ধীর লাশ।
