ভরিতে ১৮৬৭ টাকা বাড়ল সোনার দাম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৮ পিএম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় দেশেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮৬৭ টাকা। আজ বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ হবে ৭৫ হাজার টাকা।

গত ৮ ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

এর আগে গত ১৩ নভেম্বর প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। পরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় গত ১৫ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। সে হিসেবে দুই মাসের কম সময়ের মধ্যে বাড়ানো হলো সোনার দাম।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৩ হাজার ১৩৩ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ২৩৬ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৩ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন দর অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৫ হাজার টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬১ হাজার ৮১৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ২০৫ টাকায় বিক্রি হবে।

তবে সোনার দাম বাড়লেও সব ধরনের রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত