নিউ ইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৬ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুলিবিদ্ধ হয়ে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ব্রুকলিনে নিজ বাড়ির সামনেই তাকে গুলি করা হয়।নিউ ইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) কর্মকর্তাদের উদ্ধৃত করে সিবিএস নিউ ইয়র্কের এক প্রতিবেদনে বলা হয়, নিহত মোদাসসার খন্দকার তার হোন্ডা সিআরভি গাড়ি থেকে নামার পরপরই এক অজ্ঞাত বন্দুকধারী তার মাথায় গুলি করে।

সাইপ্রেস হিলস সেকশনের গ্লেনমোর অ্যাভিনিউর কাছে ফোরবেল স্ট্রিটে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফুটপাত থেকে উদ্ধার করেন। সে সময় তিনি অচেতন ছিলেন। সেখান থেকে মোদাসসারকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই স্ট্রিটের এক বাসিন্দা এবিসি সেভেন নিউ ইয়র্ক টিভিকে বলেন যে নিহত ব্যক্তি বাংলাদেশি এবং তার স্ত্রী ও ছেলে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত