দুই বছর শোবার ঘরের চেয়ারে বসেছিল লাশটি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৭ পিএম

মেরিনেলা বেরেতার বয়স ৭০ বছর। দুই বছর আগে এই নিঃসঙ্গ নারী মারা গেছেন, তা প্রতিবেশীরাও জানতেন না।

সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার নিজ বাড়ি থেকে ওই নারীর লাশ পাওয়া গেছে। উত্তর ইতালির লম্বার্ডির লেক কোমোর কাছের একটি বাড়িতে একা থাকতেন। খবর সিএনএনের।

কোমো সিটি হলের প্রেস অফিসার ফ্রান্সেসকা মানফ্রেদি জানান, অতিরিক্ত গাছপালায় চাওয়া ছিল মেরিনেলার বাগান। সেখানে একটি গাছ ভেঙে পড়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা শোয়ার ঘরের একটি চেয়ারে মেরিনেলার মরদেহ খুঁজে পান।

তবে মেরিনেলার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক টিমের সদস্যরা বলেছেন, শরীরের ক্ষয়ের মাত্রা পরীক্ষা করে মনে হচ্ছে ২০১৯ সালের শেষ দিকে তার মৃত্যু হতে পারে।

এ ঘটনা জানাজানি হওয়ার পরও মেরিনেলার কোনো আত্মীয়ের খোঁজ মেলেনি। তার পরিবারের কোনো সদস্য আদৌ জীবিত আছে কি না, সেটি তদন্ত করছে পুলিশ।

মেরিনেলার নিঃসঙ্গ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালির পরিবারবিষয়ক মন্ত্রী এলেনা বোনেতি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মেরিনেলা বেরেতার এমন ঘটনা আমাদের বিবেককে আঘাত করে। একে অপরের যত্ন নেওয়ার বিষয়টি আমরা পরিবার ও প্রাতিষ্ঠানিকভাবে শিখে থাকি। তা ছাড়া এটি একজন নাগরিকের দায়িত্ব। কাউকে এভাবে একা রাখা উচিত নয়।

আপাতত মেরিনেলার মরদেহ মর্গে রাখা হয়েছে। স্থানীয় সরকার তার শেষকৃত্যের ব্যবস্থা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত