নির্বাচনকে উদ্দেশ্য করে এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘করোনাকালে অসহায় মানুষের পাশে তাদের দেখা যায়নি। এতদিন গ্রাম-গ্রামান্তরেও তাদের কোনো খবর ছিল না। নির্বাচনের উদ্দেশ্যে এখন বিএনপি নেতাকর্মীদের ধীরে ধীরে দিনে-রাতে বিভিন্ন নিমন্ত্রণ-দাওয়াতে দেখা যাচ্ছে,তারা আবার মানুষের কাছে আসার চেষ্টাও করছে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছে। কয়েক হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের মধ্যে উপদেষ্টামণ্ডলীসহ পাঁচজন সদস্য মারা গেছেন। দলের বেশ কয়েকজন এমপিও মৃত্যুবরণ করেছেন। করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে, আবার সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করছে, এমন ঘটনা বহুজনের ক্ষেত্রে ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘এ করোনাকালে রাঙ্গুনিয়াসহ সারা দেশে আমাদের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিয়েছে, সেই ধান আবার মাথায় তুলে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। কিন্তু অন্য কোনো দলকে দেখা যায়নি। যখন নির্বাচন আসছে, আমরা যেই কাজগুলো করেছি, সেই কাজ ভুল ধরার জন্য এখন তাদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে। তাই আমি জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ জানাব, তাদের প্রশ্ন রাখার জন্য এতদিন তারা (বিএনপি) কোথায় ছিলেন।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মেলনের মাধ্যমে আপনারা এমন নেতৃত্ব নির্বাচিত করবেন, যারা দুঃসময়ে ছিল এবং দুঃসময়ে থাকবে। পরীক্ষিত নেতাকর্মীদের হাতেই আওয়ামী লীগের নেতৃত্ব থাকবে। নতুন নেতাকর্মীদের একটু সময় লাগবে।’
শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম তালুকদার প্রমুখ।
