বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ক্ষমতাকে কণ্টকমুক্ত করতে দেশব্যাপী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বজায় রাখছে সরকার। এরই অংশ হিসেবে বিএনপি নেতাদের নামে ‘মিথ্যা’ মামলা দিয়ে কারান্তরীণ করছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করতে সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমকে সরকার রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত করতে গ্রেপ্তার করেছে। আমি তাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে তার বিরুদ্ধে করা অসত্য, বানোয়াট ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আলাদা বিবৃতিতে সাইফুল আলমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে সাইফুল আলমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
