পানির দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘পানির দাম বাড়ালে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। তাই কোনোভাবেই পানির দাম বাড়ানো ঠিক হবে না। সম্প্রতি ওয়াসার বিশেষ বোর্ড সভায় পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর যে প্রস্তাব করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
গতকাল বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের অতিরিক্ত মহাসচিবদের এক সভায় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘মহামারী করোনার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে বেকারের সংখ্যা কয়েক কোটি। এমন বাস্তবতায় সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। আবার প্রতিদিনই দ্রব্যমূল্য বেড়ে আকাশচুম্বী হয়ে পড়েছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজধানীর অনেকেই প্রতি মাসে পানির বিল দিয়ে প্রয়োজন মতো পানি পাচ্ছেন না। আবার অনেকের অভিযোগ ওয়াসা লাইনের পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা পান করা যায় না।’
তিনি আরও বলেন, ‘ঢাকা ওয়াসা নিজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয় ও উন্নয়ন প্রকল্পের ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে এ অজুহাতে পানির দাম বাড়ানো কখনই যৌক্তিক হতে পারে না।
