শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২০ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় পুরস্কার-জয়ী নায়িকা রোজিনা। ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

ব্যক্তিগত কারণ দেখিয়েই শিল্পী সমিতি থেকে সরে দাঁড়িয়েছেন ‘দোলনা’ অভিনেত্রী।

রোজিনা বলেন, ‘আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় ২০২২-২৪ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন। এতে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করেন রোজিনা।

নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরকে হারিয়ে জয় পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে পাল্টাপাল্টি আইনি পথে হাঁটছেন জায়েদ খান ও নিপুণ। বর্তমানে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই পদে স্থিতাবস্থা জারি করেছে চেম্বার আদালত।

এ দিকে দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার পর পরিচালক হিসেবে কামব্যাক করেছেন রোজিনা। অনুদানে নির্মাণ করছেন ‘ফিরে দেখা’। সম্প্রতি শুটিংও শেষ হয়েছ। এ ছবিতে তার বিপরীতে আছেন ইলিয়াস কাঞ্চন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত