মাধুরীর অভিষেকেই নেট দুনিয়ায় হইচই

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ এএম

প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর ট্রেলারে দুর্দান্ত রূপে ফিরলেন বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিত। এরই মধ্যে নেট দুনিয়ায় রীতিমতো হইচই ফেলেছে। ট্রেলারে দেখা যাচ্ছে, এক খ্যাতনামা সুপারস্টারের আচমকা উধাও হয়ে যাওয়ার গল্প নিয়ে ‘দ্য ফেম গেম’। অনেকটা যেন ২০১৪ সালের হলিউড ছবি ‘গন গার্ল’-এর সঙ্গে মিল খুঁজে ফিরছেন দর্শক। তবে দর্শক সবচেয়ে বেশি উল্লসিত প্রিয় অভিনেত্রীক নতুন মাধ্যমে পেয়ে। অনেকে বলছেন, মাধুরীর অভিনয় সিরিজটি নিয়ে আগ্রহ বাড়িয়ে দিল কয়েক গুণ। এতে মাধুরীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় কাপুর এবং বিশেষ বন্ধুর ভূমিকায় দেখা যাবে মানব কাউলকে। ‘দ্য ফেম গেম’-এ মাধুরীকে অনামিকা আনন্দ নামে এক সুপারস্টারের ভূমিকায় দেখা যাবে। ট্রেলারের শুরুতেই পরিচালক তার জনপ্রিয়তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। স্বামী আর দুই সন্তানকে নিয়ে ছোট্ট সুখী পরিবার। তবে আচমকাই এক দিন উধাও হয়ে যান অনামিকা। এদিকে ফিল্মি দুনিয়ার এই সুপারস্টার নিখোঁজ হয়ে যেতেই শোরগোল পড়ে যায়। বিনোদন মহল থেকে রাজনৈতিক দুনিয়া উত্তাল হয়ে ওঠে। এমনকি, নিখোঁজ অনামিকার স্মরণে মোমবাতি মিছিলও করেন অনুরাগীরা। অনামিকার নিখোঁজ হওয়ার প্রভাব গুরুতরভাবে পড়ে তার সংসারে। তদন্তের স্বার্থে উঠে আসে নায়িকার এক বিশেষ বন্ধুর নাম। এদিকে দাম্পত্য জীবনে অসুখী হওয়ার কারণেই অনামিকা জড়িয়ে পড়ে অন্য একটি সম্পর্কে। উপরন্তু গোদের উপর বিষফোঁড়া ফিল্মি সাম্রাজ্যের প্রতিযোগিতায় টিকে থাকা। রোজকার জীবনযুদ্ধ থেকে ক্লান্ত হয়েই কি কোথাও উধাও হয়ে যান অনামিকা ওরফে মাধুরী? নাকি তার নিখোঁজ হওয়ার নেপথ্যে রয়েছে কারও ষড়যন্ত্র? নেটফ্লিক্সের পর্দায় আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘দ্য ফেম গেম’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত