আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারি জুম ও লা গ্যালারিতে শুরু হয়েছে বাংলা ক্যালিগ্রাফি নিয়ে ‘বর্ণে ব্যঞ্জনা’ শীর্ষক আরহাম উল হক চৌধুরীর ১৮তম একক প্রদর্শনী। গতকাল শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীটি চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
আয়োজকরা জানায়, এই বছর ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ হতে চলেছে। এই মাইলফলক বার্ষিকী উপলক্ষে আলিয়াঁস ফ্রঁসেজ ৭০টি বাংলা ক্যালিগ্রাফি নিয়ে ‘বর্ণে ব্যঞ্জনা’ শীর্ষক আরহাম উল হক চৌধুরীর ১৮তম একক প্রদর্শনীর আয়োজন করেছে। ২০০০ সালে গ্যাটে ইনস্টিটিউটে দেশের প্রথম একক বাংলা ক্যালিগ্রাফি প্রদর্শনী ছাড়াও আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ১৯৯৫ সালে নান্দনিক আসবাবের প্রথম একক প্রদর্শনীর মধ্যে থেকে আরহাম চৌধুরীর পথচলার শুরু।
ইতিমধ্যে বেশকিছু ভিন্ন মাধ্যমের কাজ যেমন ইস্পাতের ভাস্কর্য, ফোয়ারা ভাস্কর্য, ভেষজ রং এর কাজ, দেশীয় গাছের বনসাইয়ের একাধিক একক প্রদর্শনী আয়োজন হয়েছে বেঙ্গল শিল্পালয়, ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ রাষ্ট্রদূতের বাসভবন, দৃক, গুলশান সোসাইটি লেক পার্কসহ বিভিন্ন স্থানে। সব কাজের ধারায় ঐতিহ্য-পুরাণ, প্রকৃতি আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব অনুসন্ধানই হচ্ছে তার কাজের মূল উপজীব্য।
আয়োজকরা আরও জানায়, ‘বর্ণে ব্যঞ্জনা’ মানুষের মননের সূত্রপাতের উদাহরণ গুহাচিত্র থেকে পাওয়া যায়। আর সভ্যতার উৎকর্ষ আসে লেখনী আবিষ্কারের মধ্যে দিয়ে, লেখনী আর চিত্রকলার মেলবন্ধনের পরিণতি ক্যালিগ্রাফি বা লেখরীতি। বিশাল এক জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা, এই বাংলাভাষার স্থাপনার পথ ধরেই এসেছে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষার রত্নভাণ্ডার তার বচন প্রবচন আর এই প্রাচীন হারিয়ে যাওয়া বচনগুলোকে অনুসন্ধান করে তাকে নানানভাবে নিরীক্ষার মাধ্যমে ছবিতে প্রকাশ করা হয়েছে এই বাংলা ক্যালিগ্রাফিগুলোতে। দীর্ঘদিনের ধারাবাহিক গবেষণার কাজের সমন্বয় দেখা যাবে এই স্মারক প্রদর্শনীতে।
