চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ হাশেম সভাপতি ও এএইচএম জিয়াউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ পদে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ এবং সিনিয়র সহসভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন।
গতকাল অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির প্রায় পাঁচ হাজার সদস্যের মধ্যে ৪ হাজার ১৯৩ জন ভোট প্রদান করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোটগণনা। এরপর মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম চৌধুরী।
সভাপতি পদে সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ২০৯৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২০৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এএইচএম জিয়াউদ্দিন পেয়েছেন ১৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আবদুস সাত্তার সরওয়ার পেয়েছেন ১৬২৬ ভোট। একই পদে স্বতন্ত্র প্রার্থী কিশোর কুমার দাস পেয়েছেন ৫৬২ ভোট। এ নিয়ে পরপর তিনবার জিয়াউদ্দিন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলেন।
