করোনা সারলেও জটিলতায় এক তৃতীয়াংশ বয়স্ক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪১ এএম

কভিড থেকে সেরে ওঠার পরও দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভোগেন অনেক বয়স্ক মানুষ। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, বয়স্ক প্রতি তিনজনের একজন ভোগেন কভিডপরবর্তী শারীরিক জটিলতায়। যুক্তরাষ্ট্রের জীবাণু গবেষণা সংস্থা অপটাম ল্যাবস এবং দেশটির হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, ৬৫ বা তারচেয়ে অধিক বয়সী যেসব ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন, তাদের মধ্যে প্রতি তিনজনে একজন সুস্থ হয়ে ওঠার পরও হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস ও লিভার জটিলতায় ভোগেন। অনেকের মধ্যে মানসিক স্বাস্থ্যগত সমস্যাও দেখা যায়।

২০২০ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এমন ১ লাখ ৩৩ হাজার ৩৬৬ জনের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিশেষজ্ঞরা। এই ব্যক্তিদের সবাই ৬৫ ও তারচেয়ে অধিক বয়সী। এই ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, করোনা থেকে সেরে ওঠার পর মাসের পর মাস ধরে শ্বাসকষ্ট, ক্লান্তি, উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন উপসর্গে ভুগেছেন এই বয়স্ক ব্যক্তিরা। এমনকি উপসর্গ তীব্র হয়ে ওঠার কারণে তাদের ৩২ শতাংশকে হাসপাতালে ভর্তিও হতে হয়েছে।

বিজ্ঞানীরা গবেষণা প্রতিবেদনে বলেন, ‘বয়স্ক মানুষজনের জন্য করোনা কতখানি বিপজ্জনক সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া এবং কভিড-পরবর্তী চিকিৎসার গুরুত্ব তুলে ধরার জন্যই এই গবেষণাটি পরিচালিত হয়েছিল। আমাদের বিশ্বাস এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য কভিড-পরবর্তী চিকিৎসাবিষয়ক পরিকল্পনায় কাজে আসবে।’

তবে অনেক বিজ্ঞানী সাম্প্রতিক এই গবেষণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, কভিড থেকে সেরে ওঠার পর বিভিন্ন শারীরিক উপসর্গ তীব্র হয়ে ওঠার কারণে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের সবাই কভিডের পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়েছেন; এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। অনেকে বয়সজনিত কারণেও শারীরিক জটিলতায় ভুগতে পারেন বলে মনে করেন এই বিজ্ঞানীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত