সাকিব একজন প্রকৃত কিংবদন্তি: মুশফিক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৬ পিএম

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার তো বটে, বিশ্ব ক্রিকেটেরও সেরাদের একজন হয়ে থাকবেন সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড ভেঙেছেন দেশ সেরা এই অলরাউন্ডার।

এবার তো বিপিএলেও এক অনন্য রেকর্ড গড়েছেন সাকিব। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৫ ম্যাচে ৫ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি।

সাকিবকে দলে পাওয়া যেন যেকোনো ক্রিকেটারের ভাগ্য। জাতীয় দলে তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিমও গর্বিত ৩৪ বছর বয়সী অলরাউন্ডারকে নিয়ে। ফরচুন বরিশালের অধিনায়ককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসামূলক এক স্ট্যাটাসও দিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

সাকিবকে নিয়ে গর্বিত মুশফিক তার অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘ইতোমধ্যে অনেকবার বলে ফেলেছি, তবে সাকিব স্রেফ নিজেকে প্রতিদিনই নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেই। সাকিবকে নিজের সতীর্থ বলতে পেরে এবং একসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে সত্যিই গর্বিত। ৫ ম্যাচে ৫ বার ম্যাচ সেরা হওয়ার অবিশ্বাস্য রেকর্ড, এমনকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও।’

খুলনা টাইগার্সের অধিনায়ক আরও লেখেন, ‘যে ব্র্যান্ডের ক্রিকেট তুমি খেলছো, তা দেখাটা দারুণ আনন্দের। একজন প্রকৃত কিংবদন্তি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত