জয়ের ধারায় বসুন্ধরা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০ পিএম

স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে হ্যাটট্রিক লিগ শিরোপা অভিযান শুরু করেছিল বসুন্ধরা কিংস। শুরুর ধাক্কা সামলে গতকাল টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে দলটি। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান প্লে-মেকার রবসন রবিনহোর গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নরা। ওদিকে টানা দুই ম্যাচ জয়ের পর হোঁচট খেয়েছে গতবারের রানার্সআপ শেখ জামাল ধানম-ি ক্লাব। তাদেরকে গোলশূন্য ড্রয়ে বাধ্য করেছে বাংলাদেশ পুলিশ।

আগের দুই ম্যাচে রবিনহোকে ছন্দে দেখা যায়নি। কাল অবশ্য এক গোলেই জাত চিনিয়েছেন গতবারের সর্বোচ্চ গোলদাতা। কাল একাদশে দুটি পরিবর্তন এনেছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। ইয়াসিন আরাফাত ও আতিকুর রহমান ফাহাদের জায়গায় রিমন হোসেন ও মাসুক মিয়া জনিকে দিয়ে শুরু করেন কিংস কোচ। অষ্টম মিনিটে বসনিয়ার ভ্রানিয়াসের ফ্রি-কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ২১ মিনিটে মাঝমাঠে কিংস মিডফিল্ডার সোহেল রানার কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠেন জাপানিজ সোমা ওতানজ। তার শট অবশ্য ভালোভাবেই ফিরিয়ে দেন কিংস কিপার আনিসুর রহমান জিকো। প্রথমার্ধ আরও দু’বার হতাশ হতে হয় কিংসকে। ২৬ মিনিটে রবিনহোর কাটব্যাক গোলমুখে পেয়েও ঠিকঠাক পা ছোঁয়াতে ব্যর্থ হন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। ৪৪ মিনিটে সোহেলের পাস ধরে মুক্তিযোদ্ধার কিপার রাজীবকে একা পেয়ে যান রবিনহো। কিন্তু তার জোরালো শট অসাধারণ নৈপুণ্যে ফেরান রাজীব।

বিরতি থেকে ফিরে কিংস ভালো সুযোগ পেয়েছিল গোলের। ৫২ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের ক্রস ভালো জায়গায় পেয়েও বল জালে রাখতে পারেননি ভ্রানিয়াস। ৫৮ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় কিংস। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো-ইন হেড করে ক্লিয়ার করেছিলেন মুক্তিযোদ্ধা ডিফেন্ডার দিদারুল ইসলাম। সেটি পেয়ে বাঁ দিকে রবিনহোর কাছে বাড়ান সোহেল রানা। বল নিয়ে বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন রবিনহো।

৭৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন ভ্রানিয়াস। বক্সের ভেতরে ফাউলের শিকার হন রবিনহো। পেনাল্টির সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি বসনিয়ান ফরোয়ার্ড। তার শট চলে যায় বাইরে। বাকিটা সময় গোলের জন্য মরিয়া চেষ্টা করতে দেখা যায়নি কিংসকে। মুক্তির মধ্যেও ম্যাচে ফেরার তাড়না ছিল না। মুন্সীগঞ্জে ড্র করেও ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে শেখ জামাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত