তিন দশক পর হাজির ভুতুড়ে গ্রাম!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৯ এএম

আর সব গ্রামের মতোই কোলাহলের কমতি ছিল না অ্যাসেরেডোতে। তবে সেই প্রায় ৩০ বছর আগের কথা। কিন্তু এখন এর চিত্র ভিন্ন। রীতিমতো ভুতুড়ে রূপ ধারণ করেছে স্পেনের উত্তর-পশ্চিম গ্যালিসিয়া অঞ্চলের গ্রামটি। আর সেই গ্রামের ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমাচ্ছেন লোকজন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, অ্যাসেরেডো গ্রামের অবস্থান পর্তুগাল সীমান্তের কাছে। সবকিছু ঠিকঠাক চলছিল, পরিস্থিতি বদলে যায় ১৯৯২ সালে। সে বছর ওই এলাকায় অল্টো লিন্ডোসো নামের একটি জলাধার তৈরি করা হয়। এ কারণে পানিতে তলিয়ে যায় পুরো গ্রাম। এরপর থেকেই সেটি ছিল চোখের আড়ালে।

দীর্ঘ তিন দশক পরে কীভাবে আবার সামনে এল অ্যাসেরেডো? উত্তর হচ্ছে, খরা। অনাবৃষ্টিতে তীব্র খরার শিকার এ অঞ্চল। জলাধারের পানি কমে নেমে এসেছে ১৫ শতাংশে। ফলে আবারও জেগে উঠেছে তলিয়ে থাকা গ্রামটি।

তবে অ্যাসেরেডো গ্রামের আর আগের রূপ নেই। দীর্ঘ সময় পানির নিচে থাকায় এর বাড়িগুলোর ছাদ ধসে পড়েছে। বাড়ির দেয়াল আর দরজা-জানালাগুলোর অবস্থাও খারাপ। ঝরনাগুলো রয়েছে, তবে মরিচা ধরে বেহাল। গ্রামের কিছু ঘরে রয়েছে বিয়ারের খালি বোতলের সারি। বুঝতে বাকি থাকে না, এককালে সেখানে ছিল পানশালা। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মরিচা ধরা একটি পুরনো গাড়িও।

গ্রামটি ঘুরে ৬৫ বছর বয়সী ম্যাক্সিমিনো পেরেজ রোমিও বলেন, ‘মনে হচ্ছে আমি যেন সিনেমা দেখছি। আমার খুবই খারাপ লাগছে। আমি ভয় পাচ্ছি, সামনের বছরগুলোতে খরা ও জলবায়ু পরিবর্তনের জেরে আরও কী ঘটবে।’

স্পেনের বৃহত্তর লোবিওস নগরের ভেতরেই অ্যাসেরেডো গ্রামটি। লোবিওস কাউন্সিলের মেয়র মারিয়া দেল কারমেন ইয়ানেজ বলেন, গত কয়েক মাসে বৃষ্টির অভাবেই খরা দেখা দিয়েছে। জলাধারের পানি শুকিয়ে যাওয়ার জন্য প্রতিবেশী দেশ পর্তুগালের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিপিকে দায়ী করেছেন তিনি।

গ্রামের এ অবস্থা দেখে লোবিওসের একজন সাবেক নির্মাণকর্মী জোসে আলভারেজ অ্যাসেরেডোতে তার কর্মদিবসের কথা স্মরণ করে বলেন, ‘এ দৃশ্য ভয়ানক, কিন্তু এটাই জীবন। কেউ মরে আবার কেউ বাঁচে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত