ফাইজারের মুখে খাওয়া ওষুধের অনুমোদন চীনের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৮ এএম

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করোনার মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছে চীনের মেডিকেল পণ্য নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন (এনএমপিএ)। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

চীনা সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বলেন, কর্র্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চীনে করোনার মৃদু বা মাঝারি উপসর্গে ভুগছেন এবং গুরুতর অসুস্থতার উচ্চ ঝুঁকিতে আছেন এমন ব্যক্তিদের চিকিৎসায় প্যাক্সলোভিড ব্যবহার করা যাবে।

যদিও প্যাক্সলোভিড কেনার ব্যাপারে ফাইজারের সঙ্গে চীন সরকারের চুক্তি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি। তবে এনএমপিএ’র অনুমোদনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে ফাইজার কর্র্তৃপক্ষ বলেছে, ‘বিশ্বজুড়ে করোনা মহামারীবিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ফাইজার।’

ফাইজার গেল বছরের নভেম্বরে প্রথমবারের মতো করোনার মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিড বাজারে আনে। কোম্পানিটির সঙ্গে এরই মধ্যে ইউরোপ ও এশিয়ার বেশ কিছু দেশ এই ওষুধটি কিনতে চুক্তি করেছে। এছাড়া বাংলাদেশসহ বিশ্বের ৯৫টি মধ্যম ও নিম্ন আয়ের দেশকে প্যাক্সলোভিডের জেনেরিক (একই নামে ভিন্ন ওষুধ) উৎপাদনের অনুমতিও দিয়েছে কোম্পানিটি।

প্রসঙ্গত, চীনকে এবারই প্রথম তাদের নিজ দেশে করোনা চিকিৎসায় বিদেশি কোনো ওষুধের অনুমোদন দিতে দেখা গেল। মহামারীর দুই বছর পেরিয়ে গেলেও এতদিন দেশটিকে টিকাদান কর্মসূচিতে বিদেশি কোনো টিকার অনুমোদন দিতে দেখা যায়নি। একদম শুরু থেকেই জাতীয় টিকাদান কর্মসূচিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিনোফার্ম ও সিনোভ্যাকÑ এ দুটি করোনা টিকা ব্যবহার করেছে চীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত