পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আর্থিক সুবিধাসহ আপগ্রেডেশন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
রবিবার সকাল ১০টায় পবিপ্রবি'র প্রশাসনিক ভবনের সামনে তৃতীয়-চতুর্থ শ্রেণির শতাধিক কর্মচারী বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনসহ পরিষদের অন্যান্য নেতারা বক্তৃতা করেন।
বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে দ্বৈত নীতি চলতে পারে না। শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের ধাপ পরিবর্তন, আপগ্রেডেশন/পদোন্নতি অব্যাহত থাকলেও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের ধাপ পরিবর্তন/আপগ্রেডেশন/পদোন্নতি আটকে রাখা হয়েছে।
বক্তারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি রেখে তাদের চাকরিতে আপগ্রেডেশন/পদোন্নতির যৌক্তিকতা তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশ শেষে পবিপ্রবি'র ভিসি ও রেজিস্ট্রার বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।
