বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট ক্যাম্পে সারা বছর অনুশীলনে থাকেন এক ঝাঁক নারী ফুটবলার। যাদের হাত ধরে নিয়মিত সাফল্য আসছে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা থেকে। বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা এই মেয়েরা ফুটবলের সঙ্গে এগিয়ে যাচ্ছে পড়াশোনাতেও। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যেমন দুই ফুটবলার সাফল্য দেখালেন।
রবিবার ২০২১ সালের এইচএসসির পরীক্ষার ফল প্রকাশ হয়। বিকেলে বাফুফে এক বিবৃতিতে জানায়, ‘২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বাফুফে নারী এলিট ট্রেনিং ক্যাম্পের দুজন ফুটবলার অংশগ্রহণ করেছিলেন। তারা হলেন নিলুফা ইয়াসমীন নীলা ও মার্জিয়া আক্তার।’
‘নীলা যশোর বোর্ড থেকে বাণিজ্য বিভাগে ৪.৭৫ পয়েন্ট ও মার্জিয়া ময়মনসিংহ বোর্ড থেকে ৩.২৫ পয়েন্ট পেয়ে পাশ করেছেন।’
মার্জিয়া ও নীলা দুজনই ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী দলের অংশ ছিলেন।
বাফুফে ২০১৬ সালে থেকে মেয়েদের আবাসিক ফুটবল ক্যাম্প টানা চালু রেখেছে। এই সময়ে অনেক মেয়েই এসএসসি, এইচএসসির গণ্ডি পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়েও পড়ছে।
