কক্সবাজারের চকরিয়ায় পাঁচ ভাইকে চাপা দেওয়া পিকআপের চালক সাইদুল ইসলাম ওরফে সাইফুলের তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেব এ রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে র্যাব। পরে শনিবার রাতে তাকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চকরিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, আজ (গতকাল) সাইফুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাইফুলের বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগাড়া গ্রামে। তার বাবার নাম মো. আলী জাফর।
গত ৩০ জানুয়ারি মারা যান কক্সবাজারের চকরিয়ার মন্দির থেকে বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় পিকআপ চাপায় মারা যান পাঁচ ভাই।
