ব্রিটিশ হাইকমিশনার বললেন

সুষ্ঠু নির্বাচন না হলে বাধাগ্রস্ত হতে পারে বিদেশি বিনিয়োগ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৪ এএম

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বাংলাদেশ ও ব্রিটেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘উন্নয়ন সহযোগী হিসেবে ব্রিটেন চায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান আরও সমৃদ্ধ হোক। আর এজন্য এখানের (বাংলাদেশে) সরকার নির্বাচন পদ্ধতি স্বচ্ছ ও নিরপেক্ষ যেমন জরুরি, ঠিক তেমনই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে নজর দেওয়া উচিত। বিশেষ করে সরকার নির্বাচন পরিবেশটা হতে হবে ভয়মুক্ত।’

‘বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে সব ক্ষেত্রেই স্থিতিশীলতা জরুরি’ উল্লেখ করে ডিকসন বলেন, ‘মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্রের উন্নতি, বিচারবহির্ভূত হত্যা ও গুমের মতো ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে স্বচ্ছতা থাকাটাও গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীরা এসব বিষয়গুলোর প্রতিও খেয়াল রাখেন।’

তিনি আরও বলেন, ‘১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানের আলোকে এসব বিষয়ের প্রতিফলন ঘটেছে। এটা অত্যন্ত চমৎকার একটা দিক যে, বহু আগেই বাংলাদেশ এসব বিষয়গুলোকে সুসংহত করেছে। আমরা চাই এগুলোর প্রতিফলন ঘটুক।’

যুক্তরাষ্ট্রের উদ্যোগ ইন্দো-প্যাসিফিক বা আইপিএসে বাংলাদেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিকসন বলেন, ‘অর্থনৈতিকভাবে বাংলাদেশের বেশ সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে সক্ষম হবে এমনটাই আমরা আশা করি।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক ও সামরিক সহযোগিতাসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ-ব্রিটেনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পরও ব্রিটেন বাংলাদেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখবে। ব্রিটেন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার এবং দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী। এ সম্পর্ক বহুদূর বিস্তৃতির সম্ভাবনা রয়েছে।’

বাংলাদেশের অপরাধীরা বিভিন্ন সময়ে ব্রিটেনে গিয়ে আশ্রয় নিয়েছে এবং তারা সেখানে নিরাপদে অবস্থান করছে; তাদের ফেরাতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘এটা আইনগত প্রক্রিয়া।’

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন ডিকসন। এ সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে ব্রিটেন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত