ভারতের হিজাব বিতর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের পরদিনই এবার সেই ইস্যুতে আলোচনায় এসেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। গতকাল রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস নাও।
দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের চলমান বিধানসভা ভোটের নির্বাচনী প্রচারণায় ওয়াইসি বলেন, ‘এ দেশে হিজাব পরিহিতা মেয়েরা চিকিৎসক হচ্ছেন, জেলা প্রশাসক হচ্ছেন, তারা একদিন দেশের প্রধানমন্ত্রীও হবেন।’ শুধু এটা বলেই থেমে থাকেননি এই রাজনৈতিক নেতা। একই সঙ্গে এই ইস্যুতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তীব্র সমালোচনার পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিয়েও কড়া বক্তব্য রেখেছেন। এই রাজনীতিককে আরও বলতে শোনা যায়, ‘বিজেপি সরকার মুসলিম নারী ও মেয়েদের হিজাব পরতে দেয় না। তারা শুধু মুখেই নারীদের ক্ষমতায়নের কথা বলে। আর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ বলে মুখে ফ্যানা তোলে।’ এআইএমআইএম প্রধানের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, ভারতে টানা প্রায় গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল-কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। পাশাপাশি হিন্দু শিক্ষার্থীদের একাংশ গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে।
