দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ‘গেহরাইয়াঁ’ একরাশ বিতর্কের জন্ম দিয়েছে। কারো মতে, ঘনিষ্ঠ দৃশ্যে ঠাসা এই ছবি, আবার কেউ বা বলছেন ছবির গভীরতা মাপার বোধ না তৈরি হওয়ার কারণেই এমন মন্তব্য। এমন মুখরোচক বিষয়ে কটাক্ষ হানতে ভুললেন না কঙ্গনা রনৌতের। ‘পর্নোগ্রাফি’ বলে ওই ছবিকে পরোক্ষে আক্রমণ করলেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন কঙ্গনা। মনোজ কুমার ও মালা সিনহার জনপ্রিয় গান ‘চাঁদ সি মেহবুবা হো মেরি’র এক ভিডিও ক্লিপিংস শেয়ার করেন তিনি।
ওই গানের উদ্দেশে লেখেন, ‘আমি নতুন যুগের মানুষ। কিন্তু এই রোমান্স আমি বুঝি। কিন্তু শহুরে ছবির নামে বস্তাপচা জিনিস বিক্রি করবেন না। খারাপ ছবি খারাপ ছবিই হয়। দেহ প্রদর্শন অথবা পর্নোগ্রাফিই তাকে বাঁচাতে পারে না। এর মধ্যে কোনো গেহরাইয়াঁ (গভীরতা)-ই নেই।”
দীপিকার ছবির উদ্দেশেই যে এ কথা বলেছেন কঙ্গনা, তা বোধ হয় বলার অপেক্ষা রাখে না।
মুক্তির আগে থেকেই অবশ্য চর্চায় দীপিকার এই ছবি। সরব কঙ্গনাও। কিছুদিন আগে এই ছবির প্রচারে দীপিকার পোশাক নিয়ে মন্তব্য করেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফ্রেডি। তিনি লেখেন, ‘বলিউডের নিউটন সূত্র– গেহরাইয়াঁ মুক্তির তারিখ যত এগোবে ততই জামার মাপও কমতে শুরু করবে।’
ফ্রেডি ওই মন্তব্য করার পরেই সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। পরোক্ষে পাল্টা জবাব দেন দীপিকাও। এই পুরো ব্যাপারটি কঙ্গনা কীভাবে দেখেন সম্প্রতি এক অনুষ্ঠানে সেই প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন ছুড়তে যদিও রেগে গিয়েছিলেন কঙ্গনা। সাংবাদিককে কার্যত থামিয়ে দিয়ে তিনি বলেছিলেন, ‘যারা নিজেদের হয়ে কথা বলতে পারে না আমি তাদের পক্ষে কথা বলতে এসেছি। দীপিকা নিজেকে ভালোভাবেই ডিফেন্ড করতে পারে। ওর সেই জায়গা রয়েছে, রয়েছে প্ল্যাটফর্মও। ওর ছবি প্রোমোট করা আমার পক্ষে সম্ভব নয়। বসে পড়ুন।’
কঙ্গনা আর দীপিকার ঠান্ডা লড়াই বহু পুরোনো। দীপিকার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন, মাদককাণ্ডে নাম জড়ানো এ সবই বারবারই কঙ্গনার কটাক্ষের শিকার হয়েছে। এখন ‘গেহরাইয়াঁ’ নিয়ে এমন মন্তব্য অস্বাভাবিক নয়!
