চারদিকে তুষারের উপস্থিতি। শাকিব খানের টুপি-জ্যাকেটেও ছড়িয়ে পড়েছে সেই শুভ্রতা। এমন পরিবেশের সঙ্গে কালো সানগ্লাসে নায়ককে পুরোপুরি ‘কুল’ দেখাচ্ছে।
সেই হিমেল বাতাসে ভালোবাসার ঘ্রাণ পাচ্ছেন আমেরিকাবাসী ঢাকার এক নম্বর নায়ক। তার হৃদয়ে আজ বসন্তের রঙের ছড়াছড়ি। আজ বাংলায় বসন্ত ও ভালোবাসার মাখামাখি বলেই!
পয়লা বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে নিজের সোশ্যাল মিডিয়া পেজে ছবি শেয়ার করেছেন শাকিব খান। সেই সঙ্গে ভক্ত-অনুরাগীদের জন্য রয়েছে শুভেচ্ছা বার্তা।
শাকিব লেখেন, ‘বসন্ত বাতাসে আজ ভালোবাসার ঘ্রাণ। হৃদয় থেকে হৃদয়ে সেই রঙের ছড়াছড়ি। এমন বন্ধন আমাদের মাঝে সারা বছর থাকুক। প্রকৃতির রং ছড়িয়ে যাক সবার মনে। জীবন হোক ভালোবাসাময়।’
গত ১২ নভেম্বর ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’র আসরে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপর প্রায় ৩ মাস হতে চললেও দেশ সেরা নায়কের দেশে ফেরার নাম নেই। জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তিনি। এর ফাঁকে ফাঁকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র মিলিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব অভিনীত তিন ছবি গলুই, বিদ্রোহী ও অন্তরাত্মা। এর মধ্যে প্রথমটি বড়পর্দা আলো করবে ঈদুল ফিতরে।
