শিগগিরই তাদের বিয়ে!

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৮ পিএম

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৯৯০ এর দশকে প্রথমবার বড়পর্দায় ধরা দেন তারা। এরপর অসংখ্য ছবির নায়ক-নায়িকা তারা। দুজনকে কাছাকাছি আসতে দেখলেই দর্শকমন শিহরিত হতো। মাঝে দীর্ঘ বিরতির পর দুটো ছবি করেছেন। তাও বছর কয়েক হলো। এবার তারাই শুভদৃষ্টি সারতে চলেছেন!

বিশ্ব ভালোবাসা দিবসে চমকে দিলেন পশ্চিমবঙ্গের দুই তারকা। সোমবার সকাল সকাল ‘সবিনয় নিবেদন’ লেখা বিয়ের নিমন্ত্রণপত্র প্রকাশ হয় ডিজিটাল মাধ্যমে। যেখানে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার বিয়ের খবর।

নিমন্ত্রণপত্রে লেখা, “বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।’

চিঠির শেষে আবার যুক্ত হয়েছে, ‘ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত’।

বিয়ে সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য ‘লজ্জা না পেয়ে’ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে মোহর বা শর্মিষ্ঠাকে। প্রসঙ্গত, প্রসেনজিতের পেশাগত সমস্ত কাজ সামলান মোহর। একইভাবে ঋতুপর্ণার ম্যানেজার শর্মিষ্ঠা।

পাকা দেখা থেকে বিয়ের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই পাত্র-পাত্রী খোঁজা চলছিল। বিয়ের মরসুম, প্রেমের মাস। এর থেকে ভালো দিন আর নেই, এ রকম শুভ সংবাদ সবাইকে জানানোর। খুব শিগগিরই শুভ লগ্ন দেখে বিয়ের তারিখ ঘোষণা হবে।’

বোঝা যাচ্ছে, এ হিট জুটির নতুন ছবি আসছে। যেখানে বিয়ের পিঁড়িতে বসবে তাঁদের চরিত্ররা। পরিচালনায় সম্রাট। তারই প্রচার শুরু হয়েছে। তবে বেশি কিছু খোলসা করতে রাজি নন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত