ভালোবাসা দিবসে মা হওয়ার খবর দিলেন পুতুল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৮ পিএম

ভালোবাসা দিবসে মা হওয়ার খবর দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের মাতৃত্বকে বরণ করে নেওয়ার খবর জানালেন তিনি। ফেসবুক পোস্টে এ গায়িকা লেখেন, ‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভেতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হওয়ার জন্য আমার ভেতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি, প্রতিনিয়ত একটা ভ্রুণ থেকে সত্তা হয়ে ওঠবার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলী।’

পুতুল আরও জানালেন তারা দুজনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের জন্য। এখনও জানেন না, পুত্র নাকি কন্যাসন্তান আসছে তাদের ঘরে। তবে সেটা চমক আকারেই শেষ পর্যন্ত রাখতে চান তিনি। পুতুল বলেন, ‘আশা করি, পুতুল পরিবারের নতুন অতিথি আসবে জুলাইয়ের প্রথম সপ্তাহে কিংবা জুনের শেষে। শারীরিকভাবে এখন বেশ ভালো আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ এপ্রিল লকডাউনের মধ্যেই পুতুল ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তার দীর্ঘ দিনের বন্ধু সৈয়দ রেজা আলীকে। রেজা অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত এবং তিনি মিউজিশিয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত