যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে জহুরুল ইসলাম (১৬) নামে হত্যা মামলার এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রের ডরমেটরি কপোতাক্ষের দ্বিতীয়তলার ১০ নম্বর কক্ষ থেকে সঙ্গীরা লাশটি উদ্ধার করে।
জহুরুল পাবনার বামুনডাঙ্গার আতাইকুলা গ্রামের জিলাল মণ্ডলের ছেলে। গত বছর ৩০ নভেম্বর একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান জানান, সকাল থেকে কেন্দ্রের মাঠে বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অন্যদের সঙ্গে জহুরুলও অংশ নেয়। বেলা ১১টা ২০ মিনিটের দিকে সে সবার অগোচরে কক্ষে ফিরে গলায় ফাঁস নেয়।সঙ্গীরা কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত দেখতে পেয়ে কর্মকর্তাদের সহায়তায় যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এ কিশোর গলায় ফাঁস নিয়েছে তা বলতে পারেননি তিনি।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
এর আগে ২০২০ সালের আগস্টে এ কেন্দ্রের তিন শিশুকে পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে কয়েক শিশু আত্মহত্যা করেছে। এ কারণে কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এসব ঘটনায় একাধিকবার তদন্ত কমিটি গঠন করে সুপারিশ দেওয়া হলেও ব্যবস্থাপনায় তেমন উন্নতি হয়নি।
