চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এক যুবকের গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। তার নাম জসিম উদ্দিন (৩০)। গতকাল সোমবার সকালে উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ইসলকমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন ওই এলাকার আলী আহসানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও ফেসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আক্কাস ও মামুনের সঙ্গে জসিমের মারামারি হয়। একপর্যায়ে জসিমের গলায় চুরিকাঘাত করে পালিয়ে যায় আক্কাস ও মামুন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী বলেন, পারিবারিক কলহের জেরে দুইপক্ষে মারামারির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আক্কাস ও মামুন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
