সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা

২৩ মামলায় গ্রেপ্তার ৫১

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৪ এএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও অস্ত্রবাজির ঘটনায় ২৩টি মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ সামশুদ্দিন নিশান (২০) ও জয়নাল আবেদিন (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে, একটি এলজি, একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রাশিদুল হক।

এর আগে ৭ ফেব্রুয়ারি ভোটের দিন সাতকানিয়ার খাগরিয়া, বাজালিয়া, নলুয়া, সোনাকানিয়া ইউনিয়নে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অস্ত্রের মহড়া দেয় বিভিন্ন পদপ্রার্থীর সমর্থকরা। বাজালিয়া ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গিয়ে গোলাগুলিতে এক ব্যক্তি প্রাণ হারান। এ ছাড়া নলুয়া ইউনিয়নে এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খাগরিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায়  হওয়া মামলায় জেলা গোয়েন্দা পুলিশ নোয়াখালীর চরজব্বর উপজেলার চরক্লার্ক গ্রাম থেকে গত রবিবার রাতে সামশুদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খাগরিয়া ইউনিয়নের জোড়ারকূলে নির্মাণাধীন একটি ঘর থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

এ ছাড়া খাগরিয়া ইউনিয়নের আমিরখীল গ্রাম থেকে জয়নালকে গ্রেপ্তার করা হয়। তার ঘর থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত