বিশ্ব ভালোবাসা দিবসেই বিয়ে সেরে ফেলেছেন ক্লোজআপ ওয়ান থেকে ওঠে আসা সংগীতশিল্পী, উপস্থাপক ও সংগীত পরিচালক এইচ এম রানা। এক যুগের বন্ধুত্বের সূত্র ধরে আফিয়া ফারজানা শাম্মীর সঙ্গে ঘর বাঁধলেন তিনি।
কনে শাম্মী ইন্টার্ন চিকিৎসক হিসেবে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন ।
সম্প্রতি রানা সিরিজ আকারে সোশ্যাল মিডিয়া পোস্টে বিয়ের নানান প্রস্তুতিমূলক আয়োজন ও কর্মকাণ্ডের ছবি আপলোড করার মধ্য দিয়ে সবার মাঝে একরকম রহস্য তৈরি করেন। বিয়ের পাকা খবরের মাধ্যমে সেই রহস্য উন্মোচন হলো।
আফিয়া প্রসঙ্গে জানতে চাইলে রানা জানান, আফিয়ার সঙ্গে তার এগারো বছরের বন্ধুত্ব। তিনি যখন এফ এম রেডিওতে চাকরি করেন তখন থেকে আফিয়ার সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব।
‘ও তখন স্কুলের ছাত্রী আর আমি সবে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হবো একইসঙ্গে তখন আমি রেডিওতে কাজ করি। ও ছিল আমার রেগুলার শো লিসেনার এবং আমার গান ও খুব পছন্দ করতো।’
বন্ধুত্ব ও ভালোবাসা নিয়ে রানা বলেন, ‘বন্ধুত্বের এই দীর্ঘ লম্বা সময়ে আমরা দেখেছি জীবনের নানান চড়াই-উতরাই, দেখেছি আপন-পরের নানান সাপলুডু খেলা। কিন্তু কখনোই আমরা পিছপা হইনি, নিজেদের মধ্যে বাধার দেয়াল তৈরি করিনি ও কাউকে করতেও দেইনি এবং জীবনের কোনো অবস্থাতেই কেউ কারো হাতটা ছেড়ে যাইনি।’
এরপরই বিয়ের সিদ্ধান্ত, ‘বিয়েকে স্মরণীয় করে রাখতে উভয় পরিবারের সিদ্ধান্তে আমরা ভ্য্যালেন্টাইনস ডে-কেই বিয়ের জন্য বেছে নিলাম। আফিয়ার পরিবারের সবাই আমেরিকায় স্থায়ীভাবে থাকেন। ওর বাবা-মা ও পরিবারের অনেকেই বিয়েতে সশরীরে উপস্থিত না থাকতে পারায় কিছু আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবের উপস্থিতিতে কাজী ডেকে আমাদের আক্দ সম্পন্ন হয়েছে।’
জুলাই মাসে ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলে জানান রানা।
আরও জানান, হানিমুন উদযাপনে দুবাই যাবেন। সেখানে কিছুদিন কাটিয়ে শ্বশুর-শাশুড়িসহ আফিয়ার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন।
