কানাডায় দীর্ঘদিন ধরে চলা ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ ঠেকাতে এবার জরুরি আইন জারির নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন এই ভ্যাকসিন বিধির বিষয়ে তার সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রুডো বলেন,এটা কানাডীয়দের নিরাপদ রাখার বিষয়, মানুষের কাজ সুরক্ষিত রাখার বিষয়।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা হবে সময় নিয়ন্ত্রিত আর এর আওতায় কোনো সেনা মোতায়েন হবে না। ফলে আদালতের আদেশ ছাড়াই বিক্ষোভের সঙ্গে যুক্ত যে কারও ব্যক্তিগত হিসাব জব্দ করতে পারবে ব্যাংক কর্র্তৃপক্ষ।
একই ইস্যুতে ওই সংবাদ সম্মেলনেই দেশটির উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, এই আইনে কোনোরকম আদালতের আদেশ ছাড়াই বিক্ষোভ-সংশ্লিষ্টদের হিসাব জব্দ করতে পারবে ব্যাংক। এছাড়া বিক্ষোভ-সংশ্লিষ্টদের যানবাহনের ইন্স্যুরেন্সও বাতিল করা সম্ভব হবে।
প্রসঙ্গত, কানাডার সীমান্ত পাড়ি দিতে কভিড টিকা সনদ বাধ্যতামূলক করার প্রতিবাদে বিক্ষোভ করছেন দেশটির ট্রাকচালকরা। শত শত বিক্ষোভকারী এখনো কানাডার রাজধানীতে রয়ে গেছেন। রাজধানীতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
