দুই কৃষকের চেষ্টায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০ এএম

দুই কৃষকের চেষ্টায় রাজশাহীতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকায় রেললাইন ভাঙা দেখতে পেয়ে লাল গামছা টাঙিয়ে ট্রেনটিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন স্থানীয় দুই কৃষক। তারা হলেন, জিয়াউর রহমান ও হাবলু মিয়া।

রাজশাহী রেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটিতে প্রায় সাড়ে আটশ যাত্রী ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জিয়াউর রহমান ও হাবলু মিয়া নামে স্থানীয় দুই ব্যক্তি রেললাইনের পথ দিয়ে কৃষিকাজে যাচ্ছিলেন। এ সময় তারা লাইনের এক অংশে ভাঙা দেখতে পান। সকালে রেললাইন দিয়ে অনেক ট্রেন চলাচল করে। এ জন্য তারা তাৎক্ষণিকভাবে লাইনের মাঝখানে নিজেদের লাল গামছা টাঙিয়ে দেন।

এই লাল কাপড় দেখে বনলতা এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। প্রায় দুই ঘণ্টা পর রেল লাইন মেরামত করার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ‘স্থানীয় দুই ব্যক্তির বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস। লাইন মেরামত করার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

তিনি জানান, মেরামত কাজ শেষ করার পর ৯টা ২১ মিনিটে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, রেললাইনে বারবার ত্রুটি দেখা দেওয়ার কারণ জানার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত শনিবার সকালে রাজশাহীর বাঘায় লাল কাপড় টাঙিয়ে দুর্ঘটনার হাত থেকে ট্রেনকে রক্ষা করেন স্থানীয় গেটম্যান লায়েব উদ্দিন। গেটম্যান লায়েব উদ্দিনের চেষ্টায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় উত্তরা এক্সপ্রেস ট্রেন। রেললাইন ভাঙা থাকায় লাল কাপড় উড়িয়ে সংকেত দিয়ে রেখেছিল রেলের ওই গেটম্যান। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি তিন শতাধিক যাত্রী নিয়ে পার্বতীপুর থেকে রাজশাহী আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত