ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৮ পিএম

সদ্য হালনাগাদকৃত আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। শাই হোপ দুই ধাপ নিয়ে নেমে যাওয়ায় ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে আগে থেকে সবার ওপরে ছিলেন মুশফিক। তার আগের অবস্থান ছিল ১৪। কিন্তু ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাটে রান না পাওয়ায় দুই ধাপ নেমে ১৩তম স্থানে জায়গা নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার-উইকেটরক্ষক হোপ।

মুশফিক ও হোপের মাঝে রয়েছেন পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের ঋষভ পন্ত ও শ্রেয়াস আয়ারের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিফটি করেছেন দুজনে। আয়ার জায়গা করে নিয়েছেন ৬১তম স্থানে। ৬ ধাপ এগিয়ে ৭১তম স্থানে পন্ত।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ভারতের পেসার প্রসিধ কৃষ্ণ। উইন্ডিজের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগিয়ে ৯৪ থেকে ৪৪তম স্থানে জায়গা নিয়েছেন প্রসিধ। সেই সঙ্গে এই সিরিজে ৬ উইকেট নিয়ে সেরা বিশে ঢুকেছেন উইন্ডিজের আলজারি জোসেফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত