এক মর্মান্তিক আত্মহত্যার ভার্চুয়ালি সাক্ষী থাকলেন নেটিজেনরা। নিজের আত্মহত্যার ভিডিও নিজেই করেছেন রেলকর্মী রমেশ যাদব। ভারতের কানপুরের পনকী স্টেশনে সোমবার মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ভারতের কানপুরের বাসিন্দা রমেশ যাদব পেশায় একজন রেলকর্মী। সোমবার মোবাইলে ভিডিও চালু করে রেললাইনের উপর শুয়ে পড়েন তিনি। কিছুক্ষণেই একটি ট্রেন তার দেহের মাঝখান দিয়ে কেটে চলে যায়।
৩০ সেকেন্ডের আত্মহত্যার ভিডিও তিনি নিজেই করেছেন। ভিডিওতে দেখা যায়, রেললাইনের উপর শুয়ে রয়েছেন এক ব্যক্তি। দেহের অর্ধেক অংশ ট্রেনের চাকায় পিষ্ট হয়ে কেটে গিয়েছে। কোমরের উপর থেকে বাকি অংশ তখনও অক্ষত। নিশ্চুপ, শান্ত। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরই ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল তার।
এক রেলকর্মীর আত্মহত্যার এই ভিডিও প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছেন অনেকে।
আত্মহত্যার কারণও ভিডিওতে জানিয়েছেন ওই কর্মী। শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল রেলকর্মী রমেশ যাদবের। তাই তার উর্ধ্বতনের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই কর্মকর্তা রমেশের ছুটি মঞ্জুর করতে চাননি বলে দাবি পরিবারের। বিষয়টি নিয়ে খুব হতাশ ছিলেন রমেশ।
এরপরই সোমবার কানপুরের পনকী স্টেশনে পৌঁছে এ ঘটনা ঘটান। স্থানীয়রা রমেশের এ অবস্থা দেখে স্টেশনে খবর দেন। ততক্ষণে রমেশের মৃত্যু হয়েছিল। এরপর জিআরপি এসে তার দেহ উদ্ধার করে নিয়ে যায়।
