কর্মকর্তার গাড়ির ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল শাবিপ্রবিতে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৭ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার প্রাইভেট কারের ধাক্কায় কিলো রোডের ল্যাম্পপোস্ট ভাঙার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে কিলো রোডের ল্যাম্পপোস্ট এবং ওই কর্মকর্তার গাড়ির সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রাইভেটকারটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস অফিসার মৃন্ময় দাশ ঝুটনের। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

এ বিষয়ে মৃন্ময় দাশ ঝুটন বলেন, ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লাগে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তার গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসান হাবিব জানান, দুর্ঘটনায় ল্যাম্পপোস্টটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ইলেকট্রিসিটি দেওয়ার কাজ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানেন না। ঘটনাস্থলে সহকারী প্রক্টর আবু হেনা পহিল উপস্থিত রয়েছেন। আবু হেনা পহিল বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে জানার জন্য সহকারী প্রক্টর আবু হেনা পহিলকে একাধিকবার ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এর আগে ২০১৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিফুল ইসলামের প্রাইভেটকারের চাপায় ক্যাম্পাসের কিলো রোডে একই পরিবারের দুই পথচারী নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত