দ্বিতীয় পরীক্ষায় আফগানিস্তান দলের সবাই করোনা নেগেটিভ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭ পিএম

একদিন আগে বাংলাদেশ সফরে আসা আফগানিস্তান ক্রিকেট দলের ৮ সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ হয়। তবে বুধবার আফগান দলের সবার দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে শনিবার ঢাকায় আসে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর কন্ডিশনিং ক্যাম্প করতে রবিবার সিলেটে যায় দলটি। কিন্তু সেখানে গিয়ে দলের সবার করোনা পরীক্ষা করানো হলে একঝাঁক সদস্যের ফল পজিটিভ আসে।

এক দিন পরই অবশ্য সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ক্রিকবাজকে বিসিবির অফিশিয়াল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে আফগানরা।

কন্ডিশনিং ক্যাম্প করতে একটু আগেভাগে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। তবে এই বহরে নেই আফগানদের বড় তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী। দুজনই পিএসএল খেলছেন। আগামী সপ্তাহে বাংলাদেশে আসার কথা তাদের।

অন্যদিকে মুজিব উর রহমান, মোহাম্মদ শাহজাদের মতো বেশ কিছু তারকা বিপিএল খেলতে বাংলাদেশে অবস্থান করছেন আগে থেকেই। নিজ দলের বিপিএল মিশন শেষ করেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত