শহীদ মিনারে ফুল দিতে টিকা সনদ লাগবে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ এএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হলে সঙ্গে করোনা টিকা নেয়ার সনদ লাগবে।

বুধবার অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির যৌথ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান এ কথা জানান।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বয় কমিটির সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। অমর একুশে উদযাপনের সার্বিক প্রস্তুতিতে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দিবসটি পালনে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন উপাচার্য।

সভায় উপাচার্য বলেন, চলমান বৈশ্বিক করোনা মহামারির কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাগম এড়াতে এ বছর সবাইকে সচেতন থাকতে হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে আগত সবাইকে করোনা টিকা নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

উপাচার্যের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অমর একুশে উদ্‌যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, যুগ্ম-সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত