শরীয়তপুরের ভেদরগঞ্জে শিশুসন্তানের সামনে স্ত্রীকে স্বামী রুবেল হাসান হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সখিপুর ইউনিয়নের হাবিবউল্লাহ ডিগ্রি কলেজের পাশের একটি সরিষার ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহানাজ বেগম (৩৫) ওই ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সীর মেয়ে।
ঘটনার ব্যাপারে ওই দম্পতির নয় বছর বয়সী সন্তানের ভাষ্য, ‘আমরা নানাবাড়ি বেড়াতে গিয়ে ফেরার সময় সন্ধ্যায় বাবা আমার মায়ের গলা চেপে ধরে মেরে চলে যায়।’ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। এ বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। গত ১৫ ফেব্রুয়ারি সকালে রুবেল-শাহানাজ ও তাদের দুই ছেলেমেয়ে সখিপুরের সরদারকান্দি গ্রামে বেড়াতে আসে। সন্ধ্যায় চাঁদপুরে যাওয়ার ঝগড়ার এক পর্যায়ে নয় বছর বয়সী ছেলে শিশুর সামনে রুবেল তার স্ত্রী শাহানাজের গলা টিপে হত্যা করে পালিয়ে যান। সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, রুবেল তার স্ত্রী শাহানাজকে গলা টিপে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
