দেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কী কর্মসূচি পালন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
গত ১৪ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। সভার বিষয়বস্তু তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নিরপেক্ষ সরকারের অধীনে দেশে প্রথমবারের মতো সবার কাছে গ্রহণযোগ্য এবং অংশীদারিত্বমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের সাফল্য এবং বর্তমান পরিপ্রেক্ষিতে পুনরায় তা জনগণের সামনে তুলে ধরবে বিএনপি। এজন্যই এ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।’
২৫ ফেব্রুয়ারি পিলখানায় নিহত সেনা সদস্যদের কবর জিয়ারত করবে বিএনপি : ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় নিহতদের স্মরণে আগামী ২৫ ফেব্রুয়ারি আলোচনা সভা ও বনানী কবরস্থান জিয়ারত করবে।
