অশ্লীলতার মাঝেও হাল ছাড়েননি মান্না ভাই: শাকিব

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৬ পিএম

ঢাকাই চলচ্চিত্র যখন ‘অশ্লীলতা’র করাল গ্রাসে খাবি খাচ্ছিল, তখন অনেকেই এ জগৎ ছেড়ে গেছেন। কিন্তু হাল ছাড়েননি ‘মান্না ভাই’। এমনটাই মত শাকিব খানের।

মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন শাকিব। সোশ্যাল মিডিয়া পোস্টে ‘আম্মাজান’ অভিনেতাকে সম্পর্কে মন্তব্য করেন তিনি।

‘প্রতিবাদী কণ্ঠস্বর’ উল্লেখ করে মান্না সম্পর্কে শাকিব বলেন, ‘একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন।’

‘অশ্লীলতা যখন চরমে, সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন; তখনো হাল ছাড়েননি মান্না ভাই। দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন। সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। দর্শকদের করেছিলেন হলমুখী।’

ক্যারিয়ারের প্রথম দিকে মান্নার সঙ্গে কিছু ছবিতে পর্দা ভাগাভাগি করেন শাকিব খান। সে প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘আমার সৌভাগ্য স্ট্রাগল পিরিয়ডে কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে। ১৪ বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সব সময় আছেন আমার শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে।’

মান্নার রুহের মাগফিরাত কামনা করে শাকিব বলেন, ‘প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন।’

মান্না-শাকিবকে দেখা গেছে দিলীপ বিশ্বাস পরিচালিত ‘মায়ের মর্যাদা’ ছবিতে। সেই সিনেমার একটি স্থিরচিত্রও শেয়ার করেন শাকিব।

মান্না অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ‘তওবা’, কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাগলী’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাশেম মালার প্রেম’ চলচ্চিত্রে মান্না প্রথম একক নায়ক হিসেবে অভিনয় করেন। এর আগে অভিনীত চলচ্চিত্রগুলোতে তিনি সহনায়ক হিসেবে অভিনয় করলেও ব্যবসাসফল ছিল। ‘কাশেম মালার প্রেম’ একক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে।

কাজী হায়াৎ পরিচালিত ‘দাঙ্গা’, ‘ত্রাস’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে অ্যাকশন হিরো হিসেবে মান্নার গ্রহণযোগ্যতা তৈরি হয়। দুজনে মিলে উপহার দেন ‘আম্মাজান’-এর মতো কালজয়ী সিনেমা। মান্নার অন্য ছবির মধ্যে রয়েছে লুটতরাজ, তেজী, বর্তমান, কষ্ট, লাল বাদশা, উত্তরের খেপ, বীর সৈনিক, স্বামী-স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী ও উত্তরের খেপ।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে মান্নার জন্ম। মারা যান ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত