দেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হলো বসুন্ধরা কিংসের সৌজন্যে। প্রথম দল হিসেবে নিজেদের মাঠে খেলার কীর্তি গড়ল দলটি। আর কিংসরা নিজেদের ঘরের মাঠ ‘বসুন্ধরা কিংস অ্যারেনা’র অভিষেকও রাঙাল দারুণ এক জয়ে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে পুলিশ এফসিকে ৩-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ঐতিহাসিক ম্যাচটায় জোড়া গোল করেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো। অন্য গোলটি নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এলিটা কিংসলের।
প্রিমিয়ার লিগের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরার এবারের আসর শুরু হয়েছিল হতাশা দিয়ে। উদ্বোধনী ম্যাচে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে হেরে যায় অস্কার ব্রুজনের দল। তবে সেই হতাশা কাটিয়ে এ নিয়ে টানা তিন জয় তুলে নিল ঢাকার ফুটবলের নতুন পরাশক্তি দলটি। অন্যদিকে বাংলাদেশ পুলিশ চার ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পেল।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে বসুন্ধরা কিংস। তবে সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব যদি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে দেয় তবে শীর্ষস্থান হারাবে তারা। পুলিশের পয়েন্ট ২।
