সাকিবের মাথাকেই ভয় কুমিল্লা কোচের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৮ পিএম

বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের ক্ষুরধার মস্তিষ্কই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বড় দুশ্চিন্তার নাম। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন রাখঢাক না রেখে এমনটা বললেন সংবাদমাধ্যমে।

‘আমি বলব যে সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে।’- বৃহস্পতিবার বিপিএল ফাইনালের আগে এভাবেই বলেন সালাউদ্দিন। যিনি সাকিবের গুরুও।

শুধু গুরু বললে ভুলই হবে। সাকিব-সালাউদ্দিন সম্পর্ক শুরু-শিষ্য ছাপিয়ে আরো অনেক গভীর। শুক্রবারের বিপিএল ফাইনাল সেই দুজনকেই দাঁড় করিয়ে দিয়েছে মুখোমুখি।

অবশ্য চলতি বিপিএলে বরিশাল-কুমিল্লার তিনটি লড়াই দেখেছে দর্শক। লিগ পর্বে একটি করে ম্যাচ জিতেছে বরিশাল ও কুমিল্লা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লাকে হারিয়েই ফাইনালে ওঠে বরিশাল। পরে কুমিল্লা দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালে পৌঁছায়।

টুর্নামেন্ট জুড়ে বরিশাল ও কুমিল্লাই ছিল সবচেয়ে ধারাবাহিক। যোগ্য দুই দলই এখন ফাইনালের মঞ্চে। যেখানে সাকিবকে বড় বাধা মানছেন কুমিল্লাকে দুটি শিরোপা উপহার দেওয়া কোচ সালাউদ্দিন, ‘বরিশালের যে শক্তি আছে, সেটা হলো সাকিব আল হাসান। সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে।’

টুর্নামেন্ট জুড়েই দারুণ খেলছেন সাকিব। টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার নজিরও গড়েছেন। নেতৃত্বও দিচ্ছেন দারুণভাবে। সালাউদ্দিন বলছেন, ‘খুব ভালো অধিনায়কত্ব করছে সে (সাকিব)। তার যতটুকু সম্পদ আছে, সেগুলোর খুব ভালো ব্যবহার করছে। বিশেষ করে তার বোলিং বিভাগ নিয়ে। চার-পাঁচটি ম্যাচে তারা খুব কম রান ডিফেন্ড করেছে, বোঝাই যায় যে পরিকল্পনা করে এগোচ্ছে।’

ফাইনালে কুমিল্লাকে নিয়েও নিশ্চয়ই আলাদা পরিকল্পনা করে রেখেছেন সাকিব। সালাউদ্দিনের ভয় সেখানেই, ‘অনেক সময় ও অনেক ট্রিকস করে, যা ব্যাটসম্যানরা বুঝতে পারে না। সেটা যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে জয়ের সম্ভাবনা থাকবে।’

কুমিল্লা জিতলে সালাউদ্দিনের দলটির কোচ হিসেবে শিরোপার হ্যাটট্রিক হবে। এ জন্য ‘প্রিয় শিষ্যকে’ হতাশ করতে হবে তাকে। দেখার বিষয়টি জয়টা কার হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত