নির্বাচন কমিশনে তিনজন ফেরেশতাকেও যদি মনোনয়ন দেওয়া হয় তাদের প্রতি আস্থা থাকবে না বিএনপির বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষ খুশি হওয়ায় এবং বেগম জিয়া সুস্থ হয়ে ওঠায় বিএনপি অখুশি। আবার নির্বাচন কমিশন নিয়েও বিএনপি খুশি নয়। এমনকি আসন্ন কমিশনে যদি তিনজন ফেরেশতাকেও মনোনয়ন দেওয়া হয়, সেই কমিশনের প্রতিও তাদের কোনো আস্থা থাকবে না, কারণ জয়ের নিশ্চয়তা না পেলে তারা কখনোই খুশি নয়।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে বাংলাদেশের সকল মানুষের অর্থনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের মাথাপিছু আয় অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছে, ভারতকেও ছাড়িয়েছে। পাকিস্তান এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে দীর্ঘশ্বাস ফেলছে। বাংলাদেশ এখন পাকিস্তানের জনগণের কাছে উদাহরণ, তারা সে দেশকে বাংলাদেশ বানানোর আহ্বান জানাচ্ছেন।
নির্বাচন কমিশন গঠনে চলমান প্রক্রিয়া নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘দেশের অপরাপর রাজনৈতিক দল এবং দেশের সুশীল সমাজের সকলেই যখন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির নিকট প্রায় তিনশ মানুষের নাম জমা দিয়েছে, তখন বিএনপি সেখান থেকে দূরে থাকল, তারা নাম জমা দিলো কি না দিলো, তাতে কিছু যায় আসে না। তবে বিএনপি সরাসরি নাম জমা না দিলেও তাদের মনোনীত ব্যক্তিরা নাম ঠিকই জমা দিয়েছে।’
স্থানীয় নেতাকর্মীদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন ও সাফল্যের নজির দেখে অনেকেই পিঠ বাঁচাতে আওয়ামী লীগে যোগদান করতে আসবেন। যারা পিঠ বাঁচাতে আসতে চাইবে, যারা জমি দখল, মাদকের সঙ্গে জড়িত, তারা দলের নেতৃত্বে আসতে পারবে না।’
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সম্মেলন উদ্বোধন করেন। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মো. শহীদুজ্জামান সরকার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, আলহাজ আনোয়ার হোসেন হেলাল এমপি মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি প্রমুখ।
