ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পিকআপ চালকের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৮ এএম

ফেনীতে সিগন্যালবার অমান্য করে গেট ভেঙে রেললাইনে ওঠে যাওয়া একটি পিকআপভ্যানে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত আবদুল হালিম (৪৫) পিকআপভ্যানটির চালক ছিলেন। গত বুধবার রাত ৩টার দিকে ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত দুজন আহত হয়েছেন।

ফেনী রেল-পুলিশ (জিআরপি) জানিয়েছে, নিহত আবদুল হালিম কুমিল্লার কোতোয়ালি থানার আলেখাচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। এ ছাড়া আহত হাসান ব্রাহ্মণপাড়া টাকই গ্রামের বাসিন্দা এবং সোহেল রানা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।

রেল-পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, দ্রুতগতির একটি পিকআপ রাত ৩টার দিকে বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করার সময় গেট ভেঙে রেললাইনের ওপর উঠে যায়। এ সময় চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেস পিকআপকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। পিকআপচালক আবদুল হালিম ও গাড়িতে থাকা দুই ব্যবসায়ী হাসান ও সোহেল রানাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পিকআপচালক আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলক্রসিংটির গেটম্যান জীবন জানান, ট্রেন আসার আগেই গেট বন্ধ করা হয়। কিন্তু পিকআপটি দ্রুত গতিতে এসে গেট ভেঙে লাইনের ওপর উঠে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত