মোদিকে মনমোহন

ফায়দা লাভে জনগণের মধ্যে বিভাজন করা হচ্ছে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৯ এএম

ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো দেশটির যেকোনো সমস্যার জন্য প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে টেনে আনে। আর এ নিয়েই মোদির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী পদটির বিশেষ মর্যাদা আছে।’

এনডিটিভি বলছে, এক ভিডিও বার্তায় মনমোহন সিং অভিযোগ করেন ‘রাজনৈতিক ফায়দা লাভ অথবা সত্য আড়ালের জন্য কংগ্রেস কখনই ভারতকে বিভক্ত করেনি। কিন্তু আজ দেশের জনগণ বিভক্ত। বিজেপি সরকারের ভুয়া জাতীয়তাবাদ ফাঁপা ও বিপজ্জনক। তাদের জাতীয়তাবাদের ভিত্তি ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’। তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করে ফেলেছে।’

তিনি বলেন, একদিকে মানুষ মূল্যস্ফীতি এবং বেকারত্বের মতো সমস্যায় ভুগছেন; অন্যদিকে বর্তমান সরকার গত সাড়ে সাত বছর ধরে ক্ষমতায় থাকার পরও তাদের ভুল স্বীকার এবং সেগুলো শোধরানোর চেষ্টা করেনি। জনগণের ভোগান্তির জন্য এ সরকার এখনো প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করছে।

মনমোহন বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী পদের একটি বিশেষ তাৎপর্য আছে। নিজের দোষ আড়ালের জন্য ইতিহাসকে দায়ী করার বদলে মর্যাদা ধরে রাখা উচিত প্রধানমন্ত্রীর। আমি ১০ বছর ধরে প্রধানমন্ত্রী থাকাকালীন আমার কাজের মাধ্যমে কথা বলেছিলাম। বিশ্বের সামনে দেশের মর্যাদা কখনো নষ্ট হতে দিইনি। আমি কখনই ভারতের গৌরব ক্ষুণœ করিনি।’

ক্ষমতাসীনদের বিরুদ্ধে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনের অনুপ্রবেশের ঘটনা নিয়ে লুকোচুরির অভিযোগ তুলে মনমোহন সিং বলেন, ‘তাদের (বিজেপি) অর্থনৈতিক নীতি সম্পর্কে কোনো বোঝাপড়া নেই। এই সংকট শুধুমাত্র দেশের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। সরকার পররাষ্ট্র নীতিতেও ব্যর্থ হয়েছে। চীন আমাদের সীমান্তে জেঁকে বসেছে। অথচ সরকার এটি আড়ালের চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আমি আশা করছি প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন নেতাদের জোর করে জড়িয়ে ধরে, দোলনায় দোল খাওয়া অথবা বিরিয়ানি খাওয়ানোর মাধ্যমে পররাষ্ট্রনীতি চলতে পারে না। সরকারের পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত