ওষুধের দোকানে গৃহবধূর লাশ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০২ এএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ওষুধের দোকানের ভেতর থেকে এক গৃহবধূর খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহনাজ পারভীন জ্যোৎস্না। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আবদুল মতিন মার্কেটের তালাবন্ধ ‘অভি মেডিকেল হল’ থেকে লাশ উদ্ধার করা হয়। গত বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। ঘটনার পর থেকে ওষুধের দোকানের মালিক জিতেশ গোপ পলাতক।

শাহনাজ পারভীন জ্যোৎস্না উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি আরব প্রবাসী ছুরক মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর এলাকায় দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্বামীর নিজ বাসায় বসবাস করে আসছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হন শাহনাজ পারভীন জ্যোৎস্না। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি-মেডিকেল হলের তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো খন্ডিত লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক। জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন,প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে গতকাল গাজীপুরের শ্রীপুরে সুফিয়া আক্তার (২০) নামে এক পোশাকশ্রমিক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আছমা বেগম (২৩) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর

শ্রীপুরে পোশাকশ্রমিক গৃহবধূর লাশ : গাজীপুরের শ্রীপুরে সুফিয়া আক্তার (২০) নামে এক পোশাকশ্রমিক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছাপিলাপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত নারী পোশাকশ্রমিক সুফিয়া আক্তার বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি স্বামীসহ ছাপিলাপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়ায় থেকে সওফটটেক্স পোশাক কারখানায় চাকরি করতেন।

স্বজনরা জানান, সুফিয়া আক্তার দ্বিতীয় বিয়ে করার পর পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ করতেন না। আগের স্বামীর কাছ থেকে পালিয়ে শাকিল নামে একজনকে আবার বিয়ে করেন তিনি।

শ্রীপুর মডেল থানার ওসি (অপারেশন) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মনোহরদীতে যুবকের লাশ : নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়াপাড়া গ্রামের রূপচান মিয়ার খড়ের গাদার নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ।

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে নারীর লাশ উদ্ধার : হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উদ্যানের অভ্যন্তরে দক্ষিণ দিকে একটি লেবুবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই নারীর গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২৩ বছরের ওই নারীর নাম আছমা বেগম। তিনি নাসিরনগর উপজেলার কোট্টা গ্রামের আলমগীর মিয়ার স্ত্রী। তার দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম। তিনি বলেন, সকালে বন বিভাগের কর্মীরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়। ওসি আরও বলেন, ‘এই নারীকে বুধবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে হত্যা করা হয়েছে। আমরা এরই মধ্যে হত্যার মূল রহস্য ও ঘাতককে চিহ্নিত করেছি। তবে গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে এখনই বলতে চাচ্ছি না। এ ছাড়া মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত